বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৩টায় প্রেসক্লাবের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক আবদুল হামিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ।
নির্বাচনে মোট ১৩ জন সদস্যের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ পান ৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক যুগান্তর ও এশিয়া টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল।
এছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন— সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, সহ-সভাপতি মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার রুনা, দপ্তর ও প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক মোঃ শাহীন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
