সংসদ ঘুরে দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ: ডেপুটি স্পিকারের উদ্যোগ

জাতীয় সংসদকে সাধারণ মানুষের কাছে আরও উন্মুক্ত করতে অভিনব উদ্যোগের কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, তার নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্ম ও পেশার মানুষকে পর্যায়ক্রমে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে, যাতে তারা সংসদের কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারেন।

বৃহস্পতিবার সংসদ ভবনে নিজ কার্যালয়ে নিজ এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় ডেপুটি স্পিকার জানান, তার এলাকায় বসবাসকারী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ গারো ও হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদের ধাপে ধাপে সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, শুধু ধর্মীয় সম্প্রদায়ই নয়, ভবিষ্যতে ইমাম, পুরোহিত, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও শ্রমিকদেরও এই আমন্ত্রণের আওতায় আনা হবে। এর মাধ্যমে সমাজের সব স্তরের মানুষ সংসদের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন কায়সার কামাল। পরে তাকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পান।

সাক্ষাৎকালে তিনি আরও বলেন, জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান এবং জনগণের ভোটেই তিনি এই অবস্থানে এসেছেন। তাই ভোটারদের প্রতি তার দায়িত্ববোধ রয়েছে। তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যাতে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

এ সময় উপস্থিত অতিথিদের খোঁজখবর নেন ডেপুটি স্পিকার এবং নিজ এলাকার উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।