মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, দাতব্য সংস্থা এবং হাসপাতালের বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। নতুন আদেশ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের জন্য বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য ১ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করা হয়েছে। জুন মাস থেকেই নতুন এ হার কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের পাশাপাশি হাসপাতাল খাতে বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য ৭ টাকা ৫৫ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে এই শ্রেণির গ্রাহকদের বিদ্যুতের মূল্য প্রায় ১৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেল।
সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রতিষ্ঠান মূলত জনকল্যাণমূলক ও অবাণিজ্যিক হওয়ায় তাদের নিজস্ব আয়ের উৎস সীমিত। ফলে বিদ্যুতের ব্যয় বৃদ্ধি পাওয়ায় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির এবং দাতব্য হাসপাতালগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।
বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় মেটাতে প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণ খাতে চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে বেসরকারি ও ট্রাস্ট পরিচালিত হাসপাতালগুলোর ক্ষেত্রে বিদ্যুতের বাড়তি ব্যয় শেষ পর্যন্ত চিকিৎসাসেবা গ্রহণকারীদের ওপর প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্টদের মতে, বেড ভাড়া, রোগ নির্ণয় পরীক্ষা এবং অন্যান্য সেবার খরচ বৃদ্ধির মাধ্যমে এই অতিরিক্ত ব্যয়ের প্রভাব রোগীদের বহন করতে হতে পারে।
নতুন মূল্যহার কার্যকর হওয়ার ফলে সেবামূলক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
