জাপানের মিতসুই প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

জাপানের শীর্ষস্থানীয় ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাতে খাদ্য, কৃষি, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। সরকার পক্ষ থেকে জানানো হয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ করতে বিভিন্ন সরকারি সেবা একীভূত করে একক সেবা কেন্দ্র গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সরকারের পক্ষ থেকে সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

মিতসুই অ্যান্ড কোং-এর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। তার সঙ্গে ছিলেন চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।

বৈঠককে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।