যুক্তরাষ্ট্রে শুরু বিএসআইএ’র সেমিকন্ডাক্টর রোডশো, বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিতে শুরু হয়েছে ‘ইউএস রোডশো ২০২৬’। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), সিলিকন রিভার ও ব্রেইনগেইনের যৌথ উদ্যোগে ৫ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৩ জুন পর্যন্ত।

এই রোডশোর মূল উদ্দেশ্য বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করা।

রোডশোতে নেতৃত্ব দিচ্ছেন বিএসআইএর সভাপতি এম. এ. জব্বার এবং পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলিকন রিভার উদ্যোগের প্রধান স্থপতি মুহাম্মদ মোস্তফা হুসাইন। তাঁদের সঙ্গে সফরে রয়েছেন শিল্প, একাডেমিক জগৎ, ব্রেইনগেইন নেটওয়ার্ক এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা।

কর্মসূচির অংশ হিসেবে অস্টিন, ফিনিক্স, সিলিকন ভ্যালি, ফলসম এবং পোর্টল্যান্ডে একাধিক বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে এএমডি, এনএক্সপি, স্যানডিস্ক, গ্লোবালফাউন্ড্রিজ, সিনপসিস, ইন্টেল এবং আর্মসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে। পাশাপাশি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং বার্কলে স্কাইডেকসহ বিভিন্ন গবেষণা ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

আলোচনায় গুরুত্ব পাচ্ছে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শিল্প ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, গবেষণা সম্প্রসারণ এবং বিনিয়োগ সম্ভাবনা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণে একাধিক ‘ব্রেইনগেইন’ নেটওয়ার্কিং আয়োজনও করা হয়েছে।

এম. এ. জব্বার বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা ও জ্ঞানকে বাংলাদেশের প্রযুক্তি অগ্রযাত্রার সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। অন্যদিকে অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হুসাইন বলেন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদই দেশের সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎকে এগিয়ে নেবে।

আয়োজকদের প্রত্যাশা, এই রোডশো গবেষণা, চিপ ডিজাইন, উন্নত প্যাকেজিং প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি উদ্যোক্তা বিকাশে নতুন আন্তর্জাতিক সহযোগিতার দ্বার খুলে দেবে।