কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গণমাধ্যমের দ্রুত বিকাশের প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীনের সংবাদমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের গণমাধ্যম সম্পর্ককে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
চীনের চংচিং শহরে অনুষ্ঠিত চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। চংচিংকে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’।
বুধবার (১০ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও চীনের উপতথ্যমন্ত্রী যৌথভাবে সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যোগাযোগের এই সময়ে তথ্য আদান-প্রদান, সংবাদ ও কনটেন্ট বিনিময় এবং প্রযুক্তিনির্ভর সহযোগিতা আরও বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে ভুয়া তথ্য, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, উন্নয়ন, শান্তি ও জনগণের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতা এবং কার্যকর তথ্য ব্যবস্থাপনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও চীনের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গণমাধ্যম প্রযুক্তি ও উদ্ভাবনী বিভিন্ন উদ্যোগও প্রদর্শন করা হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি করবে।
