দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, উত্তরাঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকাতেও ভারি বর্ষণ হতে পারে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারি বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতি ভারি বর্ষণ হিসেবে বিবেচিত হয়।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অস্বস্তি কমার সম্ভাবনা কম। উচ্চ আর্দ্রতার কারণে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও গরমের অনুভূতি বেশি হতে পারে।

মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।