বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতা পরিশোধে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার তহবিল ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে সরকার অত্যন্ত আন্তরিক এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের টেবিলে উপস্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। গড়ে একজন শিক্ষক বা কর্মচারী প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজন প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা। অথচ অবসর তহবিলে বর্তমানে জমা রয়েছে মাত্র ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে তহবিলে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার ঘাটতি রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের ২১ জুন পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার প্রয়োজন।
এ সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার পুনরায় চালু, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থা প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা যাতে দ্রুত অবসর ও কল্যাণ সুবিধা পান, সে লক্ষ্যে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
