সাংবাদিকতায় অর্ধ-সত্যের কোনো স্থান নেই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে উল্লেখ করে এ সংকট উত্তরণে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকতা হবে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল। এখানে মিথ্যা কিংবা অর্ধ-সত্যের কোনো স্থান নেই।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সার্কিট হাউজ রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভা কক্ষে আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

কাদের গনি চৌধুরী বলেন, “সাংবাদিকতা হবে পুরোপুরি সত্য। এখানে মিথ্যা কিংবা অর্ধ-সত্যের কোনো স্থান নেই। আপসেরও কোনো সুযোগ নেই।”

তিনি বলেন, সাংবাদিকতার নামে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশের প্রবণতা উদ্বেগজনক। “যা ইচ্ছা তা লিখে দেওয়া সাংবাদিকতা নয়। অথচ অহরহ এমনটি হচ্ছে। এ জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। সত্য লিখবেন, রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দেবে।”

অপসাংবাদিকতার সমালোচনা করে বিএফইউজের মহাসচিব বলেন, কিছু ‘বগল সম্পাদক’ পত্রিকা প্রকাশ করে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে তদবির বাণিজ্যে জড়িয়ে পড়ছেন। এ ধরনের কর্মকাণ্ড এবং হলুদ সাংবাদিকতার কারণে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের অবশ্যই বিবেকবান হতে হবে। “দাস-সাংবাদিকদের মানুষ ঘৃণা করে।” এ সময় তিনি গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নেওয়া কিছু সাংবাদিকের ভূমিকারও সমালোচনা করেন।

ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন কাদের গনি চৌধুরী। তার দাবি, ২০২৫ সালে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ১৪০টি ভুয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়েছে।

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত পরিবেশ, সাংবাদিকদের নিরাপত্তা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং কার্যকর জবাবদিহিমূলক কাঠামো নিশ্চিত করা গেলে দেশে শক্তিশালী ও জনমুখী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।