আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পৃথক সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা বহাল থাকবে। এর ফলে টানা তৃতীয় মাসের মতো এসব জ্বালানির দামে কোনো পরিবর্তন থাকছে না।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৭ জুলাইয়ের সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য, আমদানি ব্যয় ও সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি মাসে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়।
অন্যদিকে, বিইআরসি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম ১০৯ টাকা ১০ পয়সা থেকে কমিয়ে প্রতি লিটার ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করেছে। নতুন এ মূল্য বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে কার্যকর হবে।
কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে ১ জুলাই থেকে কার্যকর হওয়া সিদ্ধান্তে প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়েছিল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গণশুনানির মাধ্যমে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ শুরু করে বিইআরসি। এরপর আন্তর্জাতিক বাজারের ওঠানামার ভিত্তিতে প্রতি মাসে এ জ্বালানির দাম পর্যালোচনা ও সমন্বয় করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, ফার্নেস অয়েলের দাম কমায় ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমতে পারে। তবে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের মূল্য অপরিবর্তিত থাকায় সাধারণ ভোক্তাদের জন্য এসব জ্বালানির খুচরা দামে কোনো পরিবর্তন আসছে না।
