দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিশ্চিত করতে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরে বাস্তবভিত্তিক ও কার্যকর বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।
সভায় বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের পানি ব্যবস্থাপনায় নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বৈজ্ঞানিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময়ে দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা নিশ্চিত করা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা মোকাবিলায় সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বিশেষজ্ঞরা মত দেন, পানি ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং পরিবেশগত ভারসাম্য, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নদী, খাল ও জলাশয় রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষজ্ঞদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের জন্য নিরাপদ, আধুনিক এবং কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি এ খাতে নীতিনির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, তাদের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়িত হলে দেশের পানি ব্যবস্থাপনা আরও কার্যকর, পরিবেশবান্ধব ও টেকসই হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ আরও সক্ষম হয়ে উঠবে।
