আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের চার শিক্ষার্থী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের অন্যতম আসর আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড (আইওএআই) ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় আয়োজিত এই প্রতিযোগিতায় শতাধিক দেশের প্রায় ৪০০ প্রতিযোগীর সঙ্গে লড়ছেন বাংলাদেশের চার সদস্যের দল।

বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. বিএম মাইনুল হোসেন। দলের সদস্যরা হলেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের মো. সাইদুজ্জামান আরাফ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্যা যারিফ আকন্দ এবং নটর ডেম কলেজের মোবতাসিম চৌধুরী প্রিয়ম।

মঙ্গলবার শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম দিনে অংশগ্রহণকারীরা মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করেন। এবারের আসরের বিশেষ সংযোজন হিসেবে প্রথমবার চালু করা হয়েছে ‘এআই মডেল ট্র্যাক’, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেলও একই ধরনের চ্যালেঞ্জে অংশ নিচ্ছে।

৮ আগস্ট পর্যন্ত চলা এই আন্তর্জাতিক আয়োজনের মূল প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়েরও সুযোগ রাখা হয়েছে। ২০২৪ সালে বুলগেরিয়া এবং ২০২৫ সালে চীনের পর এবার প্রথমবারের মতো মধ্য এশিয়ার কোনো দেশে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।

দলনেতা অধ্যাপক ড. বিএম মাইনুল হোসেন বলেন, বিশ্বের সেরা তরুণ মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মূল্যবান অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন, এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিরা ভালো ফল অর্জন করবেন।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজিত জাতীয় এআই অলিম্পিয়াডের মাধ্যমে প্রতিযোগীদের নির্বাচন করা হয়। জাতীয় পর্যায়ের বাছাই ও প্রশিক্ষণ শেষে প্রায় দুই মাসের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে।