ব্রিকসকে শক্তিশালী করতে সি চিন পিংয়ের পাঁচ উদ্যোগ, থাকছে এআই ওপেন-সোর্স জোন

  • ডেস্ক নিউজ

ব্রিকস জোটের সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তি, অর্থনীতি ও শিল্প সহযোগিতা আরও বাড়াতে পাঁচটি নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এসব উদ্যোগের অন্যতম হলো ব্রিকস দেশগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির একটি ওপেন-সোর্স জোন প্রতিষ্ঠা।

রোববার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় পর্বের অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন সি চিন পিং। ‘ব্রিকস সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করা, গ্লোবাল সাউথের শক্তি বাড়ানো’ শীর্ষক ভাষণে তিনি জোটের ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

সি চিন পিং বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলো রক্ষায় গ্লোবাল সাউথের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সার্বভৌম সমতা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির মতো নীতিগুলো অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু শাসনব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসনের জন্য দ্রুত একটি কার্যকর কাঠামো গড়ে তোলার ওপরও জোর দেন সি চিন পিং।

ব্রিকস সহযোগিতা আরও গভীর করতে চীনের প্রস্তাবিত পাঁচ উদ্যোগ হলো—

এআই ওপেন-সোর্স জোন: ব্রিকস সদস্য দেশগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একটি ওপেন-সোর্স জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেবে চীন। এর আওতায় বৃহৎ ভাষা মডেল (এলএলএম) উন্নয়ন ও ব্যবহার, এআই প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং উন্মুক্ত এআই পরিবেশ তৈরিতে সহযোগিতা করা হবে।

বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর অংশীদারত্ব: ব্রিকস সদস্য দেশগুলোর বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারত্ব বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সি। নীতিগত সমন্বয়ের জন্য একটি স্মার্ট পোর্টাল প্রতিষ্ঠা এবং আগামী বছর সেবা বাণিজ্যবিষয়ক একটি ফোরাম আয়োজনের কথাও জানান তিনি।

ডিজিটাল শিল্পে সহযোগিতা: ব্রিকস দেশগুলোর জন্য একটি ডিজিটাল শিল্প ক্লাউড প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। এর মাধ্যমে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং বিভিন্ন শিল্প খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য থাকবে।

স্মার্ট কারখানা নির্মাণ: ব্রিকস সদস্য দেশগুলোকে স্মার্ট কারখানা স্থাপনে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন সি চিন পিং। পাশাপাশি এ খাতে অভিন্ন মানদণ্ড ও নিয়মকাঠামো তৈরির জন্য যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রকৌশলী প্রশিক্ষণ জোট: ব্রিকস দেশগুলোর দক্ষ মানবসম্পদ উন্নয়নে একটি প্রকৌশলী প্রশিক্ষণ জোট গঠনের প্রস্তাবও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।

ভাষণে সি চিন পিং আরও বলেন, চলতি বছর চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ বাস্তবায়নের সূচনাবর্ষ। এই পরিকল্পনায় চীনের অভ্যন্তরীণ উন্নয়নের পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগও রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।