চলচ্চিত্র অভিনেতা মামনুন ইমন সরকারি অনুদানে নির্মিত ‘ময়নার চর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারে চলচ্চিত্রটির শুটিং হয়েছে। শুটিং ও সম্পাদনার কাজ শেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি।
‘ময়নার চর’ চলচ্চিত্রে মামনুন ইমনের বিপরীতে রয়েছেন সুস্মি রহমান। সিনেমাটির সহপ্রযোজক সুমন পারভেজ। চলচ্চিত্রটি নতুন বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু জানিয়েছেন, ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘ময়নার চর’। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
অভিনেতা মামনুন ইমন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি বলেন, ‘সিনেমায় আমার অভিনীত চরিত্রের নাম কাশেম। একেবারে প্রত্যন্ত চরে শীতের মধ্যে শুটিং করেছিলাম। সরকারি অনুদানের স্ক্রিপ্টে সর্বোচ্চ মার্কস পাওয়া সিনেমাগুলোর মধ্যে ময়নার চর একটি। এত কষ্টের কাজটি যেহেতু কোনো ধরনের আপত্তি বা কর্তন ছাড়াই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি পেয়েছে, খবরটি শুনে নিজের মধ্যে অনেক শান্তি লাগছে।’
মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘সিনেমাটির মুক্তি নিয়ে প্রযোজক ও অভিনয়শিল্পীদের সঙ্গে আলোচনা করেছি। আমরা চাইছি জাতীয় নির্বাচনের আগে সিনেমাটি মুক্তি দিতে। কারণ এরপর রোজা শুরু হবে। আর ঈদের সময় সিনেমা মুক্তির হিড়িক দেখা যায়। সবকিছু ঠিক থাকলে ১৬ জানুয়ারি মুক্তির সম্ভাব্য তারিখ পরিকল্পনা করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’
সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমার গল্প। একটি খুনের ঘটনা নিয়ে এগিয়ে চলে গল্প। পর্দায় গল্পটি সঠিকভাবে তুলে ধরতে প্রত্যন্ত অঞ্চলে শুটিং করা হয়েছে। সব কলাকুশলী অক্লান্ত পরিশ্রম করেছেন। আশা করছি দর্শক সেটা পর্দায় দেখতে পারবে।’
