পবিত্র রমজান মাস শুরুর আগেই বাজার অস্থির হয়ে উঠেছে। প্রতি বছরের মতো এবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। গত বছর কিছুটা স্বস্তি থাকলেও এবার পরিস্থিতি আগের রূপে ফিরে এসেছে, বরং আরও নাভিশ্বাস ওঠার মতো অবস্থা।
রাজধানীর মহাখালী ও সাত তলা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শুধু সবজি নয়, দাম বেড়েছে মুরগি ও গরুর মাংসেরও। পুরো বাজারই এখন চড়া দামের আগুনে জ্বলছে।
সবজির বাজারে দামের শীর্ষে রয়েছে লেবু। গত সপ্তাহেও যে লেবু ২০ থেকে ৪০ টাকা হালি বিক্রি হয়েছে, রমজানের প্রথম দিনে তা ৮০ থেকে ১২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ দাম বেড়েছে দ্বিগুণ থেকে তিনগুণ। দাম বেশি থাকলেও এলাচি লেবুর কদর সবচেয়ে বেশি।
সাত তলা বাজারের বিক্রেতা শাহজাহান দিনভর ডেকে ডেকে লেবু বিক্রি করেন। বৃহস্পতিবার এক ক্রেতার দাম জানতে চাওয়ায় তিনি এক বাক্যে বলেন, “একদাম ৮০ টাকা হালি।” দাম বেশি কেন, জানতে চাইলে তিনি বিরক্তি প্রকাশ করেন।
অপর বিক্রেতা জেসমিন বলেন, “রমজানের আগে লেবুর দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনেছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
রমজানে ইফতারিতে লেবুর শরবত, মুড়িমাখা বা হালিমের সঙ্গে লেবু খাওয়ার অভ্যাস অনেকের। ফলে চাহিদা বাড়ায় স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। তবে এত দাম বৃদ্ধি ক্রেতাদের পকেটে চাপ ফেলেছে।
এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে লেবু নিয়ে চলছে হাস্যরস। কেউ প্রশ্ন তুলেছেন, “আপনার এলাকায় লেবুর ভরি কত?” কেউ আবার লেবু ছাড়া শরবত বানানোর রেসিপি চেয়েছেন।
মহাখালী বাজারে পাকা লেবু ১০০ টাকা হালি দিয়ে কিনতে গিয়ে ক্ষুব্ধ ক্রেতা মো. ইফতেখার হোসেন বলেন, “মনে হচ্ছে এই দুদিনে লেবুর ভিটামিন বেড়ে গেছে। আর না হলে আমরা বোকা, ১০০ টাকা হালি লেবু কিনে তাই মনে হচ্ছে।”
শুধু লেবু নয়, অন্যান্য সবজির দামও বেড়েছে। গোল বেগুন গত সপ্তাহে ছিল ৬০-৮০ টাকা, এখন ১০০-১১০ টাকা। লম্বা বেগুন ৬০-১০০ টাকা থেকে বেড়ে ১১০-১২০ টাকা কেজি।
ক্রেতা মুরাদ হোসেন বলেন, “রমজানে বেগুনি বানাতে বেগুন লাগে। তাই চাহিদা বাড়লে দাম বাড়বেই, যেকোনো অজুহাতে।”
কাঁচা পেঁপে ৩০-৪০ টাকা থেকে বেড়ে এখন ৬০-৭০ টাকা কেজি। শসা ৬০-৮০ টাকা থেকে বেড়ে ১০০-১২০ টাকা কেজি। টমেটো ও গাজরের দামও কেজিতে ১০ টাকা বেড়েছে।
পেঁয়াজ কেজিতে ৫-১০ টাকা বেড়ে ৫৫-৬০ টাকা। কাঁচা মরিচ গত সপ্তাহের চেয়ে ২০-৪০ টাকা বেড়ে ১৬০-১৮০ টাকা কেজি। তবে স্বস্তির খবর হলো, ছোলা, অ্যাংকর ডাল, মুগডালের দাম স্থিতিশীল রয়েছে।
মুরগির বাজারেও দামের ঊর্ধ্বগতি। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল ১৭০-১৮০ টাকা কেজি, এখন ২০০-২২০ টাকা। সোনালি মুরগি ৩৫০-৩৬০ টাকা, দেশি মুরগি ৭০০-৭২০ টাকা কেজি। গরুর মাংসও ৭৫০-৭৮০ টাকা থেকে বেড়ে ৭৯০-৮০০ টাকা কেজি।
ফলের বাজারেও দাম চড়া। মাল্টা ৩১০-৩৫০ টাকা কেজি, আপেল ৩৫০-৩৯০ টাকা কেজি। লাল আঙুর ৪০০-৪২০ টাকা, কালো আঙুর ৫০০ টাকা কেজি। দেশি ফলের মধ্যে কলা ডজনপ্রতি ৩০-৬০ টাকা বেশি। পেঁপে, পেয়ারা, বরইয়ের দামও বেড়েছে ১০-৫০ টাকা কেজি।
