কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় এক শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। ধাক্কা দেওয়া গাড়িটি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরে ছিল।

নিহত শিশুর নাম মো. খালেদ বিন ওয়ালিদ (৮)। সে বদরখালীর টেকচিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়ার ছেলে এবং স্থানীয় একটি নূরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় এমপির গাড়িবহরের একটি গাড়ি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ফেরিঘাট এলাকা থেকে গাড়িটি আটক করে ঘটনাস্থলে নিয়ে আসে এবং ভাঙচুর করে। এমপির ব্যক্তিগত গাড়িটি, যা বহরের সামনে ছিল, এ সময় এলাকা ত্যাগ করে মহেশখালী চলে যায়। ওসি জানান, ধাক্কা দেওয়া গাড়িটি এমপির ব্যক্তিগত নয়, বহরের অপর একটি গাড়ি ছিল।

এ বিষয়ে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “দুর্ঘটনাকবলিত গাড়িটি ভাড়া করা ছিল। সেখানে আমার কোনো লোকজন ছিল না। গাড়িটি বহরের পেছনে থাকায় ঘটনাটি আমি পরে জানতে পেরেছি এবং চালক পালিয়ে গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।”

ওসি মনির হোসেন জানান, রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। নিহত শিশুর বাবা প্রবাসী থাকায় সোমবার দেশে ফিরলে জানাজা শেষে মামলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় যুবলীগ নেতা তোফায়েল আহমদ জানান, শিশুটির বাবা সোমবার দেশে ফিরবেন, তখন জানাজার পর মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বুলবুল সিকদার জানান, কুতুবদিয়ায় নির্বাচনোত্তর সফর শেষে ফেরার পথে এমপির বহরটি দুর্ঘটনায় জড়ায়।