জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এই অর্জনকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
ঢাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। তার নেতৃত্বে বহুপাক্ষিক কূটনীতি, টেকসই উন্নয়ন, শান্তি ও বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে ড. খলিলুর রহমান বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও আলোচনায় নেতৃত্ব দেবেন। তার এ অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
