পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্লবীতে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী দেশব্যাপী পর্যায়ক্রমে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। এই উদ্যোগ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশগত সমস্যার সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। ঢাকার খালগুলো দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম চলমান রয়েছে। দখলমুক্ত খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে নগরবাসী সুস্থ ও মনোরম পরিবেশে চলাচল এবং অবসর কাটানোর সুযোগ পায়।
প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকেরও। পরিবেশের প্রতি মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই একটি টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
পল্লবী ও রূপনগর থানা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত র্যালিটি সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মাজেদুল ইসলাম মডেল স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন আমিনুল হক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং নগর উন্নয়নে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।
