দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গতকাল বুধবার (৩ জুন ২০২৬) জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এসইডিপি)-এর আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বর্তমানে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (ইইএসএস) বাস্তবায়ন করছে। এর আগের নাম ছিল ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ (পিবিজিএসআই)।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ প্রকল্পের আওতায় জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এ আয়োজনকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর, সফল ও প্রাণবন্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবনী মেলাগুলোতে স্থানীয় সংসদ সদস্যদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা এবং বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা এ কার্যক্রমকে আরও ব্যাপক ও ফলপ্রসূ করতে সহায়ক হবে বলেও মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, এ সংক্রান্ত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী কার্যালয়, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।।
