জরুরি পাইপলাইন মেরামত: কাঁচপুর-তারাবোসহ কয়েকটি এলাকায় রাতভর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

উচ্চ চাপের গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৬ জুন) রাত ৮টা থেকে শনিবার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর, তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকও এ সময় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত সময়ে কোথাও কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার পাশাপাশি কিছু এলাকায় চাপ স্বল্পতাও দেখা দিতে পারে। জরুরি ভিত্তিতে লিকেজ মেরামত ও পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সংশ্লিষ্ট এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।