বিশ্বব্যাপী তরুণদের উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্ভাবনী নেতৃত্ব নিয়ে আয়োজিত বিশ্বব্যাংক গ্রুপের যুব সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে দুই তরুণ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো. তৌফিক এলাহী ও তিশা খন্দকার।
নির্বাচিত দুই প্রতিনিধি আগামী ১১ ও ১২ জুন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংক গ্রুপের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সম্মেলনে সরাসরি অংশ নেবেন। তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের জন্য আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনটি বৈশ্বিক উন্নয়ন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা বিকাশ বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা এতে অংশ নিয়ে নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যতের কর্মক্ষেত্র: ডিজিটাল যুগের জন্য কর্মসংস্থানের নকশা’। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, ভবিষ্যতের শ্রমবাজার এবং প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিপুলসংখ্যক আবেদনকারীর মধ্য থেকে কঠোর ও প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সীমিত সংখ্যক প্রতিনিধিকে নির্বাচন করা হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের এই দুই তরুণ।
বিশ্বব্যাংক গ্রুপের এ যুব সম্মেলন তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিভিত্তিক সমাধান এবং উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বিকাশে গুরুত্ব দিয়ে থাকে। একই সঙ্গে এটি অংশগ্রহণকারীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ের নীতিনির্ধারক ও উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে।
প্রতি বছর এ সম্মেলনকে ঘিরে একটি বৈশ্বিক তরুণ নেটওয়ার্ক গড়ে উঠছে। বর্তমানে ১৭০টিরও বেশি দেশের ১০ হাজারের বেশি সাবেক অংশগ্রহণকারী এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, বিশ্বব্যাংকের এ মর্যাদাপূর্ণ সম্মেলনে বাংলাদেশের দুই তরুণের অংশগ্রহণ দেশের যুবসমাজের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সক্ষমতা, বৈশ্বিক নীতিনির্ধারণে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
