শাকিল-রুপার জামিনে স্থগিতাদেশ, দ্রুত নিষ্পত্তির নির্দেশ

 

জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাদের জামিন-সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে শাকিল আহমেদ ও ফারজানা রুপার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে গত ১১ মে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাংবাদিক দম্পতির জামিন মঞ্জুর করেন। আদালত ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেন। পাশাপাশি আরেকটি মামলায় কেন তাদের জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগের চেম্বার আদালত জামিনের কার্যকারিতা স্থগিত করে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২১ আগস্ট বিদেশে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন উত্তরা পূর্ব থানায় দায়ের করা ফজলুল করিম হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।

পরবর্তীতে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৩১ আগস্ট তাদের কারাগারে পাঠানো হয়।

এরপর জুলাই আন্দোলনকেন্দ্রিক আরও কয়েকটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তারা কারাগারেই রয়েছেন।

শাকিল আহমেদ বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের সাবেক বার্তা প্রধান এবং ফারজানা রুপা একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট তারা চাকরি হারান।