ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন রোববার শুরু হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত চলা এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন এবং তার ওপর বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হবে।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার সূচনা বক্তব্য দেন। পরে পাঁচ সদস্যবিশিষ্ট সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। সদস্যরা হলেন বেগম সেলিমা রহমান, ডা. মোহাম্মদ ওসমান ফারুক, জয়নাল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।
স্পিকার জানান, স্পিকার ও উপ-স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর তালিকায় শীর্ষে থাকা সদস্য অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন।
অধিবেশনের শুরুতেই আওয়ামী লীগের সাবেক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসাসহ চার শিশু এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
১১ জুন বাজেট উপস্থাপন
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তাদের প্রথম বাজেট অধিবেশন।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাজেটের ওপর আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি নিরাপত্তা জোরদারের সুপারিশ
অধিবেশনে জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রতিবেদনটি সংসদে উত্থাপন করেন।
প্রতিবেদনে কৌশলগত জ্বালানি তেলের মজুত কমপক্ষে তিন মাসের সক্ষমতায় উন্নীত করা, আমদানির উৎস বহুমুখীকরণ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ও ডিজিটাল তদারকি ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়।
সাংবাদিকদের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্য
প্রশ্নোত্তর পর্বে এনসিপির সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গুম, খুন, ভোট জালিয়াতি ও গণহত্যার বৈধতা দেওয়ার অভিযোগে অভিযুক্ত কোনো সাংবাদিক আইনের ঊর্ধ্বে নন।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকলেও গণতন্ত্র ধ্বংস বা সন্ত্রাসকে উৎসাহিত করার সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পায়ন সম্প্রসারণে নতুন উদ্যোগ
খেলাফত মজলিসের সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্প প্রতিষ্ঠানের উপজাতকে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরের মাধ্যমে পুনঃব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত উপজাত ইতোমধ্যে ব্যবহৃত হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে এসব থেকে আরও বেশি মূল্য সংযোজনের সুযোগ খোঁজা হচ্ছে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠক
অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। আগামী ৯ জুলাই অধিবেশন সমাপ্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন দুই দফায় বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের ৯৮টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মো. নূরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির উপস্থিত ছিলেন।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে উপ-স্পিকার কায়সার কামালও বৈঠকে অংশ নেন।
