রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তল্লাশির সময় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে কুতুবখালী পকেট গেট এলাকার তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতের পর চার যুবক পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
আহত কনস্টেবলের নাম শাহ আলম। তার কপালে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে প্রথমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করতে চাইলে সে ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের কপালে আঘাত করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়। পুলিশের ধারণা, তারা আগে থেকেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
পালানোর সময় তারা একটি ব্যাগ ফেলে যায়। পরে সেটি তল্লাশি করে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
ঘটনার সময় কনস্টেবল শাহ আলমের সঙ্গে সহকর্মী নায়েক নজরুল ইসলামও ছিলেন। তিনি জানান, এক যুবকের ব্যাগ সন্দেহজনক দেখায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে শাহ আলম তল্লাশি করতে যান। তখনই ওই যুবক তার কপালে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিটি জব্দ করেছে। পালিয়ে যাওয়া ওই চার যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
