বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্য

দেশের আর্থিক খাতের শীর্ষ পদে সম্প্রতি হওয়া এক নিয়োগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নিয়োগকে ‘ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে আর্থিক খাত তুলে দেওয়া’ বলে অভিহিত করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972)-এর ১০(৫) ধারা অনুযায়ী তাকে যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যা বলেছেন আসিফ মাহমুদ

এনসিপি মুখপাত্র তার ফেসবুক পোস্টে দাবি করেন, শেখ হাসিনা এবং তার ‘ঋণখেলাপি কুশীলবরা’ দেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। তিনি লেখেন, “শেখ হাসিনা এবং তার ঋণখেলাপি কুশীলবরা এদেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল। ঋণখেলাপিদের দুষ্টচক্রের জন্য বাংলাদেশকে আইএমএফসহ বিভিন্ন দেশের দ্বারে দ্বারে হাজির হতে হয়েছে আর্থিক খাতকে বাঁচিয়ে রাখতে।”

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র দেড় বছরের মধ্যে এই খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। তার ভাষ্যমতে, রিজার্ভ দ্বিগুণ করা এবং খাদের কিনারায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের মাধ্যমে এই সাফল্য এসেছে।

তবে বর্তমান সরকার প্রসঙ্গে তিনি তীব্র সমালোচনা করে বলেন, “আর্থিক খাতে আরো জঘন্যভাবে কাজ শুরু করল বর্তমান সরকার। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপিদের এমপি, মন্ত্রী বানিয়ে প্রথমেই আর্থিক খাতকে হুমকির মুখে ফেলা হলো।”

সর্বশেষ গভর্নর নিয়োগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আজ একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের মাধ্যমে ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের আর্থিক খাত।”

এনসিপির এই মুখপাত্র আশঙ্কা প্রকাশ করে বলেন, এর ফলে সাধারণ জনগণকেই মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো দুঃস্বপ্নের দিনগুলো আবারও ভোগ করতে হবে। তিনি শেখ হাসিনার শাসনামলের শেষ সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে বলেন, সেসব দুঃস্বর্ণের দিনগুলো আবার ফিরে আসতে যাচ্ছে।

নতুন গভর্নরের নিয়োগের শর্ত

উল্লেখ্য, নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।