বাজেট অধিবেশনের যাত্রা শুরু, ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন

৭ জুন ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন রোববার বিকেল ৩টায় শুরু হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে স্পিকার সূচনা বক্তব্য দেন। অধিবেশনে উপস্থিত রয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দিনের কার্যসূচিতে অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর পর্ব এবং জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তির বিষয় রয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সুপারিশ দিতে গঠিত বিশেষ কমিটি তাদের প্রতিবেদন সংসদে উপস্থাপন করবে।

নতুন অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে রাজস্ব আহরণ, উন্নয়ন ব্যয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি খাত এবং জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।