গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দেশব্যাপী সেমিনার, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, আলোচনা সভা, চিত্রপ্রদর্শনী, দোয়া মাহফিল, প্রার্থনা ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের সব জেলা ও মহানগরে সেমিনার অনুষ্ঠিত হবে। ৬ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে শহীদ পরিবারের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ৮ জুলাই রাজধানীতে জাতীয় সেমিনার এবং ২০ জুলাই নারীদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হবে।

এ ছাড়া ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। ৩১ জুলাই দেশের সব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ উপাসনালয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেবেন।

৫ আগস্ট রাজধানীসহ সারা দেশে উপজেলা পর্যায় পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ এবং দেশব্যাপী দেয়ালচিত্র অঙ্কনের কর্মসূচিও পালন করা হবে।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, ৩৬ দিনের কর্মসূচির কিছু অংশ বিভিন্ন সময়ে বাস্তবায়ন করা হবে। এসব কর্মসূচির নির্দিষ্ট তারিখ ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। এছাড়া কয়েকটি মহানগরে পূর্বঘোষিত সমাবেশ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। রাজধানীর বাইরে সারা দেশে ৪ জুলাই গণমিছিলও আয়োজন করা হবে।

এর আগে সকাল ১১টায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থান ও বিগত সরকারের সময়কার ঘটনাবলির বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জনসম্মুখে তুলে ধরা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, আতাউল্লাহ আমিন, বিল্লাল হোসেন মিয়াজী, মোস্তাফিজুর রহমান, আবদুল মাজেদ আতহারী, আবদুল্লাহ আল মামুন এবং ইকবাল হোসেনসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।