কাল শুরু পরিবেশ ও জাতীয় বৃক্ষমেলা

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মন্ত্রী জানান, এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। রাজধানীর পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরে ১৫ দিন, ৫৬টি জেলা সদরে সাত দিন এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। ঢাকার মেলায় থাকবে ১২০টি স্টল।

তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। জিআইএস, রিমোট সেন্সিং, ন্যাশনাল ট্রি ডাটাবেজ এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিবেশমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ১ হাজার ৫২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩ কোটি ৩৪ লাখ টাকা জরিমানা করেছে। একই সময়ে গত চার মাসে ৫৮১ একরের বেশি দখল হওয়া বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বিষয়ক নির্দেশিকা-২০২৬’ প্রণয়ন এবং সীসা দূষণ নিয়ন্ত্রণে ইউনিসেফের সহায়তায় একটি জাতীয় কৌশলের খসড়া চূড়ান্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।